২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীর মৃত‌্যু: ওভারব্রিজের দাবিতে টঙ্গীতে ফের মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে গাড়িচাপায় স্কুলছাত্রীর মৃত‌্যুর ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে দ্বিতীয় দফায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 11:59 AM

Updated : 11 Oct 2022, 08:42 PM

পুরনো খবর:

ছাত্রীর মৃত‌্যু: টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

টঙ্গী থানার পরিদর্শক মো. আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বুধবার সকাল ৮টায় স্কুলের সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

“পুলিশ তাদের সরে যেতে বললে তারা রাস্তা ছাড়বে না বলে জানায়। পরে পুলিশ মৃদু লাঠিপেটা করে তাদের সরিয়ে নিলে সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।”

একই দাবিতে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সোমবার দুই দফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানিয়েছিলেন। 

পরিদর্শক আমিনুল জানান, রোববার বিকালে সফিউদ্দিন সরকার একাডেমির সপ্তম শ্রেণির ছাত্রী তাসনিম আক্তার রাফা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।