ছাত্রীর মৃত্যু: টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
গাজীপুরের টঙ্গীতে গাড়িচাপায় এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা।
টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ নামের ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সোমবার সকালে স্কুলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে আধা ঘণ্টা পর তাদের সরিয়ে দিলে সকাল সাড়ে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি ফিরোজ জানান, রোববার বিকালে সফিউদ্দিন সরকার একাডেমির সপ্তম শ্রেণির ছাত্রী তাসনিম আক্তার রাফা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
