এনাম হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা দ্বিতীয় দিনের কর্মবিরতিতে রয়েছেন।
হাসপাতালের পরিচালক আনোয়ারুল কাদির নাজিম জানান, মঙ্গলবার সকাল থেকে তারা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ করছে।
দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা বাড়ানোর দাবি তুলে সোমবার থেকে শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতিতে যায়।
আন্দোলনরত শিক্ষানবিশ চিকিৎসক সায়েদ আল মনছুর বলেন, দেশের সব সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের ভাতা ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে।
এ বিষয়ে পরিচালক আনোয়ারুল জানান, শিক্ষানবিশ চিকিৎসকদের দাবির বিষয়ে হাসপাতালের চেয়ারম্যান এনামুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখন তিনি যে সিন্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত করা হবে।
