২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় তেল জব্দ, শ্রমিক লীগ নেতা কারাগারে

বগুড়া সদর উপজেলায় ৬০ ড্রাম তেলসহ আটকের পর পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 10:00 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

বগুড়া শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন শুভসহ পাঁচজনকে সোমবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় বলে জানান বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি অমিরুল ইসলাম।

আটক অন্য চারজন হলেন শুভর সহযোগী তৌহিদ আলম, শাহারিয়ার মাহমুদ কাজল, রহমানিয়া আলম সৌরভ ও তৌফিক হাসান।

ওসি বলেন, আকাশতারা এলাকায় সলেমান মণ্ডলের বাড়িতে তিনটি ট্রাক থেকে সয়াবিন তেল আনলোড করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ রোববার সন্ধ্যায় অভিযান চালায়।

“বৈধ কোনো কাগজ না থাকায় ৬০ ড্রাম তেল ও তিনটি ট্রাক জব্দ করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়।”

জব্দকৃত তেলের মধ্যে ৩০ ড্রামে সয়াবিন আর ৩০ ড্রামে এসিড ওয়েল রয়েছে বলে জানান তিনি।

সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ওসি মো. আব্দুর রফিক জানিয়েছেন, গত শনিবার সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থেকে রংপুরের ড্রিম ওয়েল কোম্পানির একটি তেলবাহী ট্রাক ছিনতাই হয়।

বগুড়ায় উদ্ধার হওয়া তেল ড্রিম ওয়েল কোম্পানির কি না তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।