২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গুলিতে বিকাশকর্মী নিহত, টাকা লুট

গাজীপুরের টঙ্গীতে এক বিকাশকর্মীকে গুলি করে হত্যার পর ‘১০ লাখ’ টাকা ছিনিয়ে নেওয়ার খবর দিয়েছে পুলিশ।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 05:47 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

সোমবার বিকালে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত শেখ মো. আব্দুল হামিদ (৫০) বাঘেরহাটের রামপাল উপজেলার বড়কাতলা এলাকার মৃত নোমান উদ্দিনের ছেলে।

টঙ্গীর বিকাশ এজেন্টের সুপারভাইজার এমদাদ হোসেন সাংবাদিকদের জানান,  একটি প্রাইভেটকারে করে বিকাশকর্মী আব্দুল হামিদ, এমদাদ হোসেন ও চালক সুদেব কুমার সাতাইশ এলাকার বিভিন্ন দোকান থেকে টাকা তুলে বিকাল ৩টার দিকে টঙ্গী ফিরছিলেন।

“পথে গাজীপুরা এলাকায় আরেকটি প্রতিষ্ঠান থেকে টাকা তুলে গাড়িতে ওঠার সময় দুইটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে এবং টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় তাদের বাধা দিলে এবং নিরাপত্তাকর্মীরা ছিনতাইকারীদের লক্ষ্য করে শটগান তাক করলে তারা হামিদের বুকে ও মাথায় গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।”

“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ছিনতাইকারীরা ২০ লাখ টাকার উপরে লুট করে নিয়ে গেছে বলে দাবি এমদাদের।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া ইসলাম বলেন, হামিদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকে তিনটি ও মাথায় একটি ক্ষত রয়েছে। তবে তা গুলিতে সৃষ্ট ক্ষত কিনা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।