খাগড়াছড়িতে বিএনপি নেতার গলাকাটা লাশ উদ্ধার
খাগড়াছড়ির দীঘিনালায় স্থানীয় এক বিএনপি নেতার গলাকাটা লাশ উদ্ধারের খবর দিয়েছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার বোয়ালখালী আশ্রম এলাকায় বাড়ির পাশে নিজের চায়ের দোকান থেকে বাদল খাঁর (৪৫) লাশ উদ্ধার করা হয় বলে দীঘিনালা থানার ওসি মো. মিজানুর রহমান জানান।
বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে ওসি মিজানুর বলেন, সকালে ক্রেতারা ডাকাডাকি করে সাড়া না পেয়ে দোকানের ভেতরে ঢুকে বাদলের লাশ ও তার স্ত্রী কুলসুম বিবিকে অচেতন পড়ে থাকতে দেখে।
“খবর পেয়ে পুলিশ বাদলের লাশ ও কুলসুমকে উদ্ধার করে। কুলসুমকে খাগড়াছড়ি সদর হাসাপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।”
ওসি বলেন, “আমাদের ধারণা নেশা জাতীয় কিছু খাইয়ে দুইজনকে অচেতন করার পর বাদলের গলা কাটা হয়।”
বাদলের গলায় ও নাকে ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রকৃত ঘটনা জানতে কুলসুমের জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
বাদল হত্যার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
