২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

ফেনীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 10:03 AM

Updated : 20 Aug 2022, 01:35 PM

ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের কাটা মোবারক ঘোনা গ্রাম থেকে নার্গিস আক্তার নামের ১৮ ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নার্গিস ওই এলাকার ভূঞা বাড়ির মো. ইউসুফের স্ত্রী। গত এপ্রিলে তাদের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই ইউসুফের বাড়ির লোকজন যৌতুকের জন্য নার্গিসকে চাপ দিয়ে আসছিল এবং সম্প্রতি টাকার জন‌্য ওই তরুণীকে মারধর করা হয় বলে তার বাবা শাহজাহানের অভিযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বৃহস্পতিবার রাতেও নার্গিসের সঙ্গে ইউসুফ ও তার বাড়ির লোকজনের ঝগড়া হয়। এক পর্যায়ে তারা নার্গিসকে শ্বাসরোধে হত্যা করে ঘরের সিলিংয়ে লাশ ঝুলিয়ে রাখে।”

ইউসুফের বাড়ির লোকজন শুক্রবার দুপুরে ফোন করে শাহজাহানের বাড়িতে ‘নার্গিসের আত্মহত্যার’ খবর দেয়। এরপর শাজাহান থানায় খবর দিলে পুলিশ ইউসুফের বাড়ির একটি ঘর থেকে নার্গিসের লাশ উদ্ধার করে।

ওসি মাহবুব বলেন, ঘটনার পর ইউসুফ ও তার বাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে।

ময়নাতদন্তের জন্য নার্গিসের লাশ ফেনী জেলা সদর হাসপতালে মর্গে পাঠানো হয়েছে।