মাগুরায় দুর্ঘটনায় নসিমন চালক নিহত
মাগুরার মহম্মদপুরে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি নসিমনের চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুই যাত্রী।
মহম্মদপুর থানার ওসি তারিকুল ইসলাম জানান, শুক্রবার ভোরে উপজেলার বালিদিয়া এলাকার এ দুর্ঘটনায় নিহত হন ইমরান সর্দার (২২)।
ইমরান ওই উপজেলার যশপুর গ্রামের আনোয়ার সর্দারের ছেলে। আহত শাহীন ও সোহেলকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাদের বাড়ি একই উপজেলার নহাটার চাকুলিয়া গ্রামে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তারিকুল ইসলাম বলেন, মহম্মদপুর-নড়াইল সড়কের বালিদিয়া এলাকায় যাত্রীবাহী একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়।
“এতে ঘটনাস্থলেই চালক ইমরানের মৃত্যু হয়। আহত হন আরও দুই যাত্রী।”
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয় বলে
জানান তিনি।
আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোকসেদুল মোমিন জানান।
