কক্সবাজারে অস্ত্র কারখানার সন্ধান, কারিগর আটক
কক্সবাজারের উখিয়া উপজেলায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে। এ ঘটনায় অস্ত্র তৈরির এক কারিগরকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চোয়াংখালির গহিন পাহাড়ি এলাকায় প্রায় চার ঘণ্টা ধরে অভিযান চালানো হয় বলে জানান র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের স্কোয়ান্ড কমান্ডার সৈয়দ মোহিসুনুল হক।
আটক আবুল হাশিম (৭৫) জালিয়া পালংয়ের ছোয়াংখালী এলাকার বাসিন্দা।
র্যাবের কোম্পানি অধিনায়ক এএসপি শরাফত ইসলাম রাত ৯টার দিকে সাংবাদিকদের বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বসতবাড়ি থেকে দেশে তৈরি ৬টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটারগান, ৩টি পিস্তলের আংশিক ও ৪টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
“এছাড়া অস্ত্র তৈরির ১টি ড্রিল মেশিন, ২টি হাতুড়ি, একনলা বন্দুক তৈরির ১০টি পাইপ, রেন্স ১টি, হেসকু ব্লেড ৮টি, করাত ১টি, রেত ২টি, স্কু ড্রাইভার ২টি, প্লাস ২টি, গ্রিভ স্পেনার ১টি ও ১টি এয়ার মেশিন উদ্ধার করা হয়েছে।”
এ সময় অস্ত্র তৈরির কারিগর আবুল হাশিমকে আটক করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা শরাফত।
তিনি বলেন, আটক হাশিম দীর্ঘদিন ধরে নির্জন পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরি করে আসছিলেন। এসব অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে বিক্রি করা হয়।
