২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের মুক্তি চেয়ে কিশোরগঞ্জ আদালতে বোমা হামলার হুমকি

শোলাকিয়ায় জঙ্গি হামলায় গ্রেপ্তারদের মুক্তি দাবি করে চিঠি পাঠিয়ে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2016, 10:56 PM

Updated : 20 Aug 2022, 01:33 PM

জেলা জজ মো. মাহবুব-উল ইসলাম বরাবর পাঠানো চিঠিটি মঙ্গলবার বিকালে পাওয়া যায় বলে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান।

চিঠিতে বলা হয়, “আনোয়ার হোসেনের রিমান্ড বাতিল ও ৭ দিনের মধ্যে শোলাকিয়ার সকল ইসলামি নেতাদের মুক্তি দাও, অন্যথায় তোমার কার্যালয়ে বোমা ফোটানো হবে।”

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা আনোয়ার সন্ত্রাস দমন আইনের একটি মামলায় কারাবন্দি ছিলেন।শোলাকিয়ায় হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৪ অগাস্ট তাকে রিমান্ডে পায় পুলিশ।

Image
গাইবান্ধায় সন্ত্রাস দমন আইনের মামলায় কারাবন্দি আনোয়ার বর্তমানে শোলাকিয়ায় জঙ্গি হামলায় মামলায় গ্রেপ্তার।

গাইবান্ধায় সন্ত্রাস দমন আইনের মামলায় কারাবন্দি আনোয়ার বর্তমানে শোলাকিয়ায় জঙ্গি হামলায় মামলায় গ্রেপ্তার।

ঈদের সকালে শোলাকিয়ায় হামলার পর পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত আবীর রহমান ও গুলশানে হামলা চালিয়ে নিহত নিবরাস ইসলামসহ কয়েকজনকে গাইবান্ধায় আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়েছে আনোয়ারের বিরুদ্ধে।

তার মুক্তি দাবি করে পাঠানো ওই চিঠির খামের উপরে প্রেরকের জায়গায় ‘কালা মিয়া, মনিপুরঘাট, বত্রিশ, কিশোরগঞ্জ’ লেখা রয়েছে।

এ ঘটনায় জেলা জজ আদালতের নাজির মো. সেলিম চৌধুরী একটি জিডি করেছেন বলে ওসি মোশারফ জানিয়েছেন।

কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক জানান, ঘটনার পর সন্ধ্যায় জেলা প্রশাসক, জেল সুপার, পিপিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিজের কার্যালয়ে বৈঠক করেছেন জেলা জজ মাহবুব-উল-ইসলাম।

ঘটনার পর থেকেই জেলা জজ আদালত ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতের মূল ফটকেও পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুরনো খবর:

শোলাকিয়ায় জঙ্গি হামলায় গ্রেপ্তার গাইবান্ধার আনোয়ার