‘জঙ্গি রাব্বির লাশ মাগুরায় দাফন নয়’
নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত কাজী ফজলে রাব্বির লাশ মাগুরার পৈত্রিক বাড়িতে দাফন করতে দেবে না এলাকাবাসী।
মাগুরা জেলা জাসদের সভাপতি এ টি এম মহব্বত আলীসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা রাব্বির লাশ মাগুরায় দাফন প্রতিহত করার ঘোষণা দিয়েছেন।
রাব্বি মাগুরা সদর উপজেলার বেরইল গ্রামের কাজী হাবিবুল্লাহর ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট। হাবিবুল্লাহ যশোর উপশহর কলেজের সাবেক অধ্যক্ষ। তিনি স্থায়ীভাবে যশোরে সপরিবার বসবাস করেন।
শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় নুরুদ্দিন দেওয়ানের বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে রাব্বিসহ তিনজনকে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জাসদনেতা মহব্বত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একাত্তরে মাগুরার কসাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কুখ্যাত রাজাকার রিজুর লাশ মাগুরায় দাফন আমরা প্রতিহত করেছিলাম।
“জঙ্গি রাব্বির লাশও মাগুরায় দাফন নয়। এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
বেরইল গ্রামের মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন মোল্যা, জবেদ আলী, আব্দুল মান্নান, খন্দকার লায়েক আলীসহ একাধিক এলাকাবাসী একই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মুক্তিযোদ্ধা শাহাদত বলেন, “রাব্বি ইসলাম ও দেশের শত্রু।তার লাশ বেরইল গ্রামে দাফন করতে দেওয়া হবে না।”
বেরইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার মহব্বত বলেন, গ্রামে বসবাসকারী রাব্বির এক চাচা মুক্তিযোদ্ধা, অন্য এক চাচা আওয়ামী লীগের কর্মী। রাব্বির বাবা হাবিবুল্লাহ যশোরে বসবাস করলেও গ্রামের সঙ্গে তার পরিবারের যোগাযোগ রয়েছে।
তিনি বলেন, সোমবার সন্ধ্যা থেকে এলাকায় কানাঘুষা চলছে রাব্বির লাশ রেইল গ্রামে দাফন করা হবে। এমন খবরে এলাকার অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কেউ কেউ ঘৃণা প্রকাশ করেছে।
“লাশ দাফনে বাধা দেওয়া হবে এ কথাও কেউ কেউ বলেছে। এ ধরনের ব্যক্তিদের দাফন বেরইলের মাটিতে হোক তা আমিও চাই না।”
বেরইল গ্রামে বসবাসকারী নিহত রাব্বির ছোট চাচা কাজী রবকতউল্লাহ বলেন, ঘটনা শোনার পর তারা হতবাক হয়েছেন। তারা বিশ্বাস করতে পারছেন না তাদের পরিবারের সদস্য এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
গ্রামে লাশ দাফন সম্পর্কে তিনি বলেন, এ ব্যাপারে রাব্বির বাবা হাবিবুল্লাহ তাদের কিছু জানাননি।
“নানা মাধ্যমে শুনেছি রাব্বিকে এখানে দাফন করা হতে পারে। যেহেতু এখানে তাদের যাতায়াত আছে, বাড়িঘর, জমিজমা রয়েছে, সেহেতু এ ব্যাপারে তারাই সিদ্ধান্ত নেবেন।”
বরকত জানান, রাব্বির বাবা কাজী হাবিবুল্লাহ ছয় ভাইয়ের মধ্যে মেজো। তিনি যশোরে বসবাস করলেও ফসলাদি সংগ্রহ ও পারিবারিক নানা অনুষ্ঠানে মাঝেমধ্যে সপরিবার গ্রামের বাড়িতে আসা-যাওয়া করেন।
বরকত বলেন, তাদের বড় ভাই মুক্তিযোদ্ধা কাজী গোলাম কবির বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী। আরেক ভাই কৃষক। অন্য দুই ভাই কলেজ শিক্ষক।
