বগুড়ায় দুই শিশুকে কবিরাজ বেড়াতে নেন বলে দাবি
বগুড়ার ধুনট উপজেলায় ‘অপহৃত’ দুই শিশু উদ্ধার হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার জোড়া দামালপাড়া গ্রাম থেকে দুই শিশুকে উদ্ধার করা হয় বলে জানান শিশুদের বাবা বাদশা মিয়া।
ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহরী গ্রামের ভটভটি চালক বাদশা মিয়া বলেন, শনিবার সকালে কবিরাজ হবি মোল্লার বাড়ি গিয়ে তিনি তার দুই সন্তান সুমাইয়া (১০) ও সাকিলকে (৮) দেখতে পান।
পরে তিনি দুই শিশুসহ কবিরাজ হবিবর মোল্লাকে (৬০) নিয়ে থানায় গেলে পুলিশ কবিরাজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, কবিরাজকে জিজ্ঞাসাবাদের পর প্রকৃত রহস্য উদঘাটন করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কবিরাজ হবিবর মোল্লা দাবি করেন, “পাতানো সম্পর্কের সূত্র ধরে আমি নাতি ও নাতনিকে নিজ বাড়ি বেড়াতে নিয়ে যাই। শিশুদের মা ভুল বুঝে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।”
শিশুদের মা সাফিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ দিন আগে রাতে হবিবর মোল্লা ঘুমানোর জন্য আশ্রয় চাইলে তিনি রাজি হন।
“পরদিন সকালে হবিবর নিজেকে কবিরাজ পরিচয় দিয়ে বাবা-মেয়ের সম্পর্ক পাতান। এরপর গত বৃহস্পতিবার আমার দুই সন্তানকে তিনি তার বাড়িতে বেড়াতে নেওয়ার কথা বললে আমি রাজি হই।”
পরে কবিরাজ তার সন্তানদের নিয়ে উধাও হয়ে গেছেন বলে থানায় অভিযোগ করেন সাফিয়া।
“কবিরাজ তার ঠিকানা রানীরহাট বলেছিলেন। সেই ঠিকানায় তাকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ করেছিলাম।”
কবিরাজের বাড়ি আসলে রানীরহাট এলাকার জোড়া দামালপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের গাজিউর রহমান মোল্লার ছেলে। পেশায় গ্রাম্য ‘হাতুড়ে কবিরাজ’ বলে স্থানীয়রা জানিয়েছে।
