২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রয় প্রতিনিধিকে গুলি করে টাকা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈরে একটি সিমেন্ট কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে গুলি করে সাড়ে সাত লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2016, 05:19 PM

Updated : 20 Aug 2022, 01:31 PM

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সফিপুর এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান।

গুলিবিদ্ধ শফিকুল ইসলাম (৩০) শাহ সিমেন্ট কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তার বাড়ি কুড়িগ্রামের রাজিবপুর থানার শংকর মাধবপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।

শফিকুলকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আহত শফিকুল বলেন, গাজীপুরের কোনাবাড়ি বাজারে শাহ সিমেন্টের মেসার্স কোনাবাড়ি ট্রেড লিংক নামের একটি এজেন্ট রয়েছে। ওই এজেন্টের বিক্রয় প্রতিনিধি তিনি।

“বুধবার সকালে সফিপুরসহ আশপাশের বেশ কয়েকটি সিমেন্টের দোকান থেকে সাড়ে সাত লাখ টাকা কালেকশন করি। পরে মোটরসাইকেলে করে রতনপুর এলাকায় চাঁন মিয়া এন্টারপ্রাইজ নামে আরেকটি দোকানে যাওয়ার পথে দুইটি মোটরসাইকেলে ছয় ছিনতাইকারী গতিরোধ করে।

“এ সময়ে ছিনতাইকারীরা পিস্তল দিয়ে দুই পায়ে ছয় রাউন্ড গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।”

ওসি মোতালেব বলেন, ছিনতাইকারীরা গুলি করে আনুমানিক ৬/৭ লাখ টাকার মতো নিয়ে গেছে।

তাদেরর গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।