শাবিতে গাড়িচাপায় ২ জন নিহত: শিক্ষক বরখাস্ত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়িচাপায় দুই জন নিহতের ঘটনায় যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডেকেট সদস্য ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. কবির হোসেন এ কথা জানান।
চলতি বছরের ২৩ জানুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক কিলোতে যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক আরিফুল ইসলাম নিজের নতুন গাড়ি চালানো শেখার সময় গাড়িচাপায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পূর্ব কাতিয়া গ্রামের গিয়াস উদ্দিন (৭০), তার ভাতিজা আতাউর রহমান (৫০) নিহত হন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে 'কিলোরোড' বলে পরিচিত ক্যাম্পাসের ভেতরে যাওয়ার এই রাস্তায় দুর্ঘটনা হয়
ঘটনার দুই দিন পর অধ্যাপক আরিফুলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন আতাউর রহমানের স্ত্রী ফারহানা চৌধুরী রুমী।এ মামলায় নিম্ন আদালত থেকে জামিন নিয়ে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন আরিফ।
অধ্যাপক কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অধ্যাপক আরিফুলের গাড়ি চাপায় দুইজন নিহতের ঘটনায় রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল অ্যাডভাইজারের কাছে ঘটনার একটি বিস্তারিত প্রতিবেদন দেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের করণীয় বিষয়েও জানতে চান।
“বিষয়টি সোমবার সিন্ডিকেট সভায় উঠার পর মামলার রায় না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।”
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করেও পাওয়া যায়নি। আর রেজিস্ট্রার মো. ইশফাকুল বলেন “এটা তোমাদের জানার দরকার কি? অব্যাহতির বিষয় জানা সাংবাদিকদের কাজ নয়।”
