ভোলার সিমেন্ট বোঝাই কার্গো জাহাজ ডুবি
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ঝড়ে আকিজ সিমেন্টবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
রোববার রাতে উপজেলার তেঁতুলিয়া নদীর পাতার চর এলাকায় দুই হাজার ৮০ বস্তা সিমেন্ট নিয়ে এমভি বাহাদুর নামের জাহাজটি ডুবে যায় বলে জানান বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) অসীম কুমার শিকদার।
এ সময় চরে অবস্থানকারী জেলেরা জাহাজের সারেং সাইদ, তার সহযোগী আসাদ এবং শহিদকে উদ্ধার করে।
জাহাজের সারেং সাইদ বলেন, নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট নিয়ে আসছিলেন। তেঁতুলিয়া নদীর মধ্যে হঠাৎ বৃষ্টিসহ ঝড়ো বাতাসে জাহাজটি ডুবে গেলে। এ সময় তিনি ও তার দুই সহযোগী নদীতে ঝাঁপ দেন।
আকিজ সিমেন্টের ভোলা জেলার পরিবেশক মাইনুল হক বলেন, “জাহাজটি নারায়ণগঞ্জ থেকে আমার ইনভয়েস করা এক হাজার ৩৫২ ব্যাগ পিসিসি (পোর্টল্যান্ড কমপোজিট সিমেন্ট) এবং ৭২৮ ব্যাগ ওপিএস (অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট) নিয়ে বোরহানউদ্দিন আসছিল।
এতে তার আট লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
আকিজ সিমেন্টের বরিশাল এরিয়া ইনচার্জ সাইফুল আলম বলেন, ডুবুরি এনে এমভি বাহাদুরের অবস্থান নির্ণয় করে তা উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ কর্মকর্তা অসীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
