পাবনায় পদ্মা নদীতে স্কুলছাত্রের মৃতদেহ
নিখোঁজের একদিন পর পাবনা সদরে পদ্মা নদী থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে সাধুপাড়া এলাকায় পদ্মা নদীতে শুভ নামের ওই ছাত্রের লাশ পাওয়া যায়।
শুভ সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র এবং সাধুপাড়ার মো. আলমের ছেলে।
পাবনা সদর থানার এসআই সুমন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে শুভ আর ফিরে আসেনি।
“সোমবার বেলা ২টার দিকে সাধুপাড়া স্লুইচগেট এলাকায় পদ্মা নদীতে স্থানীয়রা তার লাশ দেখে পুলিশে খবর দেয়।”
পানিতে ডুবে শুভর মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান এসআই সুমন।
