গোপালগঞ্জের গুলিবিদ্ধ ‘মাদক বিক্রেতা’ গ্রেপ্তার
গোপালঞ্জে পুলিশের অভিযানে গুলিতে আহত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে মাদক বিক্রেতা বলছে পুলিশ।
গ্রেপ্তার রবিউল ইসলাম বাটুল শেখ (৪০) শহরের বেদগ্রামের ওসমান শেখের ছেলে।
সোমবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ওসি সেলিম রেজা।
এ সময় তার কাছ থেকে দুইশ ইয়াবা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, গোপন খবর পেয়ে পুলিশ মাদক উদ্ধারের জন্য বেদগ্রাম এলাকায় গেলে বাটুল টের পেয়ে চাইনিজ কুড়াল নিয়ে আক্রমণ করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ তার পায়ে শটগান দিয়ে গুলি করে।
তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
