২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ সন্তানকে হত্যার অভিযোগ

হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2016, 03:03 PM

Updated : 20 Aug 2022, 01:30 PM

সোমবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নে ওসমানপুর গ্রামে নিহত হয় লিটন মিয়া ও মিলন বেগমের সাত মাস বয়সী মেয়ে ইপা আক্তার।

ঘটনার পর থেকে শিশুটির বাবা পলাতক থাকলেও মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, ওসমানপুর গ্রামের সোহেল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধ চলে আসছে লিটন মিয়ার।

“এর জের ধরে সোমবার সকালে সোহেল মিয়া ও তার লোকজনকে ফাঁসাতে লিটন মিয়া ও তার স্ত্রী মিলন বেগম নিজেদের সাত মাস বয়সী মেয়ে ইপা আক্তারকে গলাপিটে হত্যা করেন।”

এ সময় তাদের অপর শিশু রিপা আক্তার (৭) গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় বলে জানান ওসি।  

ওসি নির্মলেন্দু চক্রবর্তী আরও বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত মেয়েটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।