বাগেরহাটের বেশির ভাগ খামার পানির নিচে
টানা বৃষ্টিতে বাগেরহাটের অধিকাংশ মাছের ঘের ভেসে গেছে। হাজার হাজার হেক্টর আমনের বীজতলাসহ বিভিন্ন ফসলের ক্ষেত পানির নিচে রয়েছে।
সরজমিনে ঘুরে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির এ খবর পাওয়া গেছে।
জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম বলেন, টানা বৃষ্টিতে জেলার ৯টি উপজেলার ৭০ থেকে ৮০ শতাংশ মাছের ঘের ভেসে গেছে। রোপা আমনের বীজতলাসহ বহু সবজির ক্ষেত তলিয়ে গেছে।
“হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। প্রবল বর্ষণ ও ঝড়ো বাতাসে জেলার চিতলমারি উপজেলায় অসংখ্য গাছপালা উপড়ে গেছে এবং দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি পড়ে গেছে।”
জেলা চিংড়ি চাষি সমিতির আহ্বায়ক ফকির মহিতুল ইসলাম সুমন বলেন, টানা বৃষ্টিতে জেলার অধিকাংশ মাছের ঘের পানিতে ভেসে গেছে। অনেকগুলোয় পানি ছুঁইছুঁই করছে। সেগুলোয় নেট দিয়ে মাছ আটকানোর চেষ্টা করছে ঘেরমালিকরা।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. আবতাব উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল অদুদ বলেন, দেশে চিংড়ি উৎপাদনে বাগেরহাট জেলা অন্যতম। টানা বর্ষণে রামপাল উপজেলায় ৭০ শতাংশ, মোল্লাহাটে ৯০, কচুয়ায় ৮০, ফকিরহাটে ৭০, চিতলমারিতে ৭০, মোড়েলগঞ্জে ৭০, মংলায় ৮০ ও সদর উপজেলায় ৮০ শতাংশ মাছের ঘের ভেসে গেছে।
“ঘেরগুলো ভেসে যাওয়ায় সাদাসোনা খ্যাত গলদা ও বাগদা চিংড়ি এবং বিপুলসংখ্যক সাদা মাছ বেরিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।”
সরজমিনে দেখা গেছে, সদর উপজেলার কাড়াপাড়া, বেমরতা, বিষ্ণুপুর, ষাটগম্বুজ, ডেমা ও যাত্রাপুর ইউনিয়নের অধিকাংশ গ্রামের মাছের ঘের ভেসে গেছে। ঘেরমালিকরা জাল দিয়ে মাছ আটকানোর চেষ্টা করছেন।
সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মাফুজুর রহমান মাফুজ বলেন, “আমার ওয়ার্ডের রাধাবল্লভ, কাঠিগোমতি, গোবরদিয়ার তিনটি গ্রামের অন্তত আট হাজার মানুষের বাড়িঘরে পানি উঠেছে।
“পানি নামতে না পারায় তাদের রান্না-খাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে নিম্ন আয়ের মানুষ।”
সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জাহাংগীর আলম।
