মেঘনার ঢেউয়ে চাঁদপুরে বাঁধে ফাটল
মেঘনার প্রচণ্ড ঢেউয়ে চাঁদপুর শহর রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।
রোববার সন্ধ্যায় বাঁধের বড় স্টেশন এলাকায় চারটি স্থানে ফাটল দেখা দেয় বলে জানান চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু রায়হান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেঘনার প্রচণ্ড ঢেউয়ের আঘাতে শহর রক্ষা বাঁধের চাটির স্থানের ৭০ বর্গমিটার এলাকা দেবে গেছে। ব্লকগুলো সরে ভাঙন দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের জন্য জরিপকাজ শুরু হয়েছে বলে তিনি জানান।
ঘটনাস্থল পরিদর্শনের জন্য পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা ও ঢাকার বিশেষজ্ঞ দল চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছে বলেও তিনি জানান।
