২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 09:54 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

শনিবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার জাহিদ হোসেন।

নিহত মামুন শেখ ওরফে সুমনের (৩০) বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়ার বাইনতলা খালে কোস্টগার্ডের সঙ্গে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’ হয়। গোলাগুলির পর কোস্টগার্ড ১০টি দেশি (তিনটি একনলা বন্দুক ও সাতটি পাইপগান) তৈরি আগ্নেয়াস্ত্র, একটি মোবাইল ফোনসেট ও নৌকা উদ্ধার করার কথা জানালেও কেউ হতাহত হয়নি বলে জানায়।

র‌্যাব কর্মকর্তা জাহিদ বলেন, দুপুরে বন্দুকযুদ্ধের পর র‌্যাব ও কোস্টগার্ড ওই এলাকায় অভিযানে যায়। অভিযানের সময় বনের ভেতর মামুনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

“তার বাম পায়ের হাঁটুর নিচে ও ডান হাতে গুলিবিদ্ধ লেগেছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।”

মৃতদেহ খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

সুন্দরবনে কোস্টগার্ড-‘বনদস্যু’ বন্দুকযুদ্ধ, অস্ত্র উদ্ধার