২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে কোস্টগার্ড-‘বনদস্যু’ বন্দুকযুদ্ধ, অস্ত্র উদ্ধার

সুন্দরবনে কথিত বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 03:06 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

শনিবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়ার বাইনতলা খাল এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

সংঘর্ষের পর কোস্টগার্ড ঘটনাস্থল থেকে ১০টি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র, একটি মোবাইল ফোন সেট উদ্ধার ও একটি নৌকা জব্দ করেছে।

মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফট্যানেন্ট ফরিদুজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বনদস্যু জাহাঙ্গীর’ তার বাহিনীর সদস্যদের নিয়ে হারবাড়িয়ার বাইনতলা খাল এলাকায় অবস্থান করছে সংবাদ পেয়ে কোস্টগার্ড অভিযানে যায়।

“এসময় বনদস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ শুরু করলে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে প্রায় আধাঘণ্টা গোলাগুলি হয়।”

এক পর্যায়ে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে গেলে কোস্টগার্ড সেখানে তল্লাশি চালিয়ে ১০টি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র, একটি মোবাইল ফোনসেট উদ্ধার করে। তাদের ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয় বলে জানান তিনি।