কালিয়াকৈরে কারখানার আগুন ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
তৃতীয় ও চতুর্থ তলার সব কিছু পুড়িয়ে প্রায় ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের কালিয়াকৈর ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার আগুন।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল।
আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ অন্তত পাঁচজন আহত হয়েছে বলে জানান তিনি।
আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
অপূর্ব বল বলেন, শুক্রবার রাত পৌনে ১টার দিকে উপজেলার সফিপুর পল্লীবিদ্যুত এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের ওই কারখানার পাঁচ তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন তৃতীয় তলা থেকে আগুন চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে।
“খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। শনিবার সকাল ৬টার দিকেও আগুন সাময়িক নিয়ন্ত্রণে এলেও কিছুক্ষণ পর তা আবার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। পরে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
“আগুনে কারখানার বিপুল পরিমাণ সুতা এবং ফেব্রিক্স, শিপমেন্টের মালামাল, কার্টন, প্রিন্টিং মেশিনসহ বিভিন্ন মালামার পুড়ে গেছে।”
দীর্ঘসময় ধরে আগুন থাকায় ভবনের স্থানে স্থানে ফাটল ও পলেস্তার খসে পড়েছে বলে জানান তিনি।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ওয়্যার হাউস ইনসপেক্টর মো. আর্দেশ আলী বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
কারখানার মানব সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কারখানার তৃতীয় তলার সুতার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা চারতলায় কাটিং সেকশনে ছড়িয়ে পড়ে।
“আগুনে কারখানার ১৮ কোটি টাকার সুতাসহ ফ্রেব্রিক্স, তৈরি পোশাক, প্রিন্টিং মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।”
তদন্ত কমিটি
এদিকে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার অগ্নিকাণ্ড তদন্তে জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।
জেলা প্রশাসক এসএম আলম জানান, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামকে আহ্বায়ক করে শনিবার দুপুরে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
এছাড়া উপ-পরিচালক মো. জহিরুল আমিন মিয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
