২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে আসেনি

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় দশ ঘণ্টা ধরে আগুন জ্বলছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 10:46 AM

Updated : 11 Oct 2022, 08:38 PM

পুরনো খবর:

কালিয়াকৈরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

শুক্রবার গভীর রাতে লাগা এই আগুন শনিবার সকালে নিয়ন্ত্রণে এলেও পরে আবার ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানায়, মধ্যরাতে সফিপুর পল্লীবিদ্যুৎ এলাকায় ‘ট্রপিক্যাল নিটেক্স’ কারখানার তৃতীয় তলায় আগুন ধরে। সকালে আগুন নিয়ন্ত্রণে আসার কয়েক ঘণ্টা পর তা চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে।   

কালিয়াকৈর ফায়ার স্টেশন অফিসার অপূর্ব বল জানান, শুক্রবার রাত পৌনে ১টার দিকে কারখানার পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আগুন ধরে।

“অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।”

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তর, জয়দেবপুর, মির্জাপুর, সাভারের ইপিজেড ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

“আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর সকাল ১০টার দিকে ভবনের চতুর্থ তলায় ছড়িয়ে পড়েছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে অগ্নিনির্বাপণ কাজে খুবই বিঘ্ন হচ্ছে।”

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. আর্দেশ আলী বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছিল জানিয়ে তিনি বলেছিলেন, আগুন পুরোপুরি নেভাতে আরো কয়েক ঘণ্টা সময় লাগবে।

আগুনে কোনো হতাহতের খবর জানা যায়নি বলেও তিনি জানান।