যশোরের নিহত দুই যুবককে পুলিশই ধরে নিয়েছিল: পরিবার
যশোরে গুলিবিদ্ধ অবস্থায় যে দুই যুবকের লাশ পাওয়া গেছে, তাদের পুলিশই ধরে নিয়েছিল বলে দাবি করেছে পরিবার।
হাবিব গাজী (২৬) ও আজিম বিশ্বাস (৩২) নামে ওই দুই যুবকের বিরুদ্ধে চুরি-ডাকাতির মামলা ছিল বলে পুলিশ জানালেও তাদের আটকের অভিযোগ প্রত্যাখ্যান করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, তাদের ধরে নেওয়া বিষয়ে পরিবারের তথ্য সঠিক নয়।
শুক্রবার মধ্যরাতে শহরের দুটি স্থানে গোলাগুলির পর ওই দুজনের লাশ পাওয়া যায় বলে ওসি ইলিয়াস জানিয়েছিলেন। তখন তাদের পরিচয় না পাওয়ার কথাও বলেছিলেন তিনি।
“গোলাগুলি হচ্ছে বলে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ পৌরপার্কে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”
শনিবার দুপুরে যশোর সদর হাসপাতাল মর্গে এসে হাবিবের ভাই আসাদ গাজী এবং আজিমের স্ত্রী নাজমা বেগম লাশ শনাক্ত করেন বলে জানান যশোর কোতোয়ালি থানার এসআই তারিকুল ইসলাম।
তাতে জানা যায়, এদের একজন শহরতলীর খোলাডাঙ্গার আব্বাস গাজীর ছেলে হাবিব। অন্যজন খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামের আবদুর রশিদ বিশ্বাসের ছেলে আজিম। তিনি যশোর শহরের নীলগঞ্জ মহাশশ্মান রোডে থাকতেন।
আসাদ গাজী সাংবাদিকদের বলেন, হাবিব গাড়ির ইঞ্জিন মিস্ত্রি। তিনি বাড়িতেই থাকতেন এবং তাকে কৃষিকাজে সহায়তা করতেন।
“গত ১৮ অগাস্ট রাত ১১টার দিকে খোলাডাঙ্গা এলাকার হাসান দফাদারের বাড়ি থেকে হাবিবসহ পাঁচ যুবককে পুলিশ ধরে নিয়ে যায়। এদের মধ্যে শুক্রবার দুজনকে কারাগারে পাঠায় এবং দুজনকে ওই রাতেই ছেড়ে দেয়।”
টেলিভিশনে খবর দেখে সকালে মর্গে এসে হাবিবকে মৃত অবস্থায় দেখতে পান বলে জানান তার ভাই।
হাবিবসহ পাঁচজনকে পুলিশে ধরে নেওয়ার খবর পাওয়ার কথা স্থানীয় জনপ্রতিনিধি আরবপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য সাহিদা ইয়াসমিনও জানিয়েছেন।
তিনি বলেন, “খোলাডাঙ্গা এলাকার হাসান তরফদার নামে একজন হাবিবসহ পাঁচ যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সেখান থেকে পুলিশ তাদের ধরে নিয়ে যায়। ঘটনার পর অনেক খোঁজাখুজি করেও হাবিবের সন্ধান পাওয়া যায়নি।”
এসআই তারিকুল বলেন, হাবিব গাজীর বিরুদ্ধে মাদকসহ ৯টি মামলা আছে।
তবে আসাদ বলেছেন, তার ভাইয়ের বিরুদ্ধে বোমাবাজিসহ তিনটি মামলা আছে।
নিহত অন্য যুবক আজিম গাড়ির যন্ত্রাংশ সরবরাহকারী ছিলেন বলে জানান তার স্ত্রী নাজমা।
ওসি ইলিয়াস হোসেন বলেন, আজিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত পাঁচটি মামলা আছে। সবই মোটরসাইকেল চুরি-ডাকাতির।
নাজমা বলেন, “একটি মামলায় হাজিরা দিতে গত রোববার আদালতে যেতে বাড়ি থেকে বের হন আজিম। এর পর তার আর কোনো সন্ধান মেলেনি। লোকমুখে শুনেছি তাকে পুলিশ ধরে নিয়েছে।”
তবে নিখোঁজ হওয়ার পর থানায় যোগাযোগ করেননি বলে জানান নাজমা। শনিবার সকালে খবর পেয়ে হাসপাতালে এসে স্বামীর লাশ দেখতে পান।
নাজমা বলেন, তার স্বামী ভারত থেকে গাড়ির যন্ত্রাংশ এনে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। অপরাধমূলক কোনো কাজে জড়িত ছিলেন না।
