২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে এক কেজি হেরোইন উদ্ধার, আটক ২

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি পিকআপ ভ্যান থেকে এক কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এসময় ভ্যানটির চালকসহ দুই জনকে আটক করা হয়।  

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2016, 09:31 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

শুক্রবার মাধবপুর বাঘাকালভার্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদরের হরিশপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে বাবুল (৪৪) ও বিলাতমুলের গাঁ গ্রামের তুফানী মোড়লের ছেলে কালু (২৮)।

গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ হোসেন জানান, গোদাগাড়ী মডেল থানার পুলিশ গোপন সংবাদ পেয়ে সকালে মাধবপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে।

“চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে এক কেজি হোরোইন পাওয়া যায়। হেরোইনগুলো পিকআপ ভ্যানের মিটার বক্সে অভিনব কায়দায় রাখা ছিল।”

আটক হেরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা বলে ওসি ফরহাদ জানান।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।