খুলনায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
খুলনায় প্রায় সাড়ে ১৬ হাজার ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার নগরীর রূপসা ট্রাফিক মোড়ে রূপসী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভীন আকতার।
আটক মো. ইকবাল হোসেন (৪৮) কুমিল্লার বরুড়া থানার ডাউকসার গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে।
পারভীন আকতার বলেন, গোপন খবরে রূপসী হোটেলের ৮ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। ওই কক্ষে ইকবালের কাপড়ের ব্যাগের মধ্য থেকে পলিথিনে মোড়ানো ১৬ হাজার ৩৯৬ ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক অঞ্চলের উপ-পরিদর্শক মনোজ কুমার বিশ্বাস বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা করেছেন।
