আশুলিয়ায় প্রবাসীর বাসায় তালা ভেঙে চুরি
ঢাকার আশুলিয়ায় দিনে দুপুরে এক ইতালি প্রবাসীর বাসায় তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের দোসাইদ এলাকার ইতালি প্রবাসী মিজানুর রহমানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী খান জানান।
মিজানুরের স্ত্রী আফরোজা আক্তার বলেন, দুপুরে তারা বাসায় ছিলেন না। এ সুযোগে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ড্রয়ার ভেঙ্গে ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে।
“বিকেলে বাসায় এসে আলমারি ভাঙা ও ঘরের মালামাল তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেই।”
পুলিশ কর্মকর্তা আকবর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
