শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জঙ্গি সন্দেহে আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জঙ্গি সন্দেহে আটক হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন।
আটক সাদমান আবেদীন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রাশেদ তালুকদার বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকের একটি দল বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সালমানকে আটক করে নিয়ে যায়।
“পরে জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন আমাকে জানান, ঢাকা থেকে আসা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা ওই তরুণকে জঙ্গি সন্দেহে আটক করে নিয়ে গেছে।”
ওসি আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর আগে আটক হওয়া জঙ্গিদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে সালমানকে আটক করা হয়েছে।
জঙ্গি সন্দেহে গত ১৮ জুলাই ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল আজিজকে ও ২ অগাস্ট একই বিভাগের ইফাত আহমেদ চৌধুরী নাহিদকে বিশ্ববিদ্যালয় থেকে আটক করে ঢাকা থেকে আসা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা।
গত ৩ অগাস্ট ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জুয়েল আহমদকে সিলেট মহানগর থেকে আটক করে র্যাব।
আটক শিক্ষার্থীদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা নেবে সে বিষয়ে প্রক্টর রাশেদ বলেন, তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আছে সেসব বিষয় নিশ্চিত হওয়ার পর মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
