ভাই হত্যায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
গাজীপুরে ছোটভাই কুপিয়ে হত্যায় এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ ওরফে কালু (২৭) টঙ্গীর মিরাশপাড়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।
একইসঙ্গে আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। না দিলে আরও তিন মাসের কারাভোগ করতে হবে বলে জানিয়েছেন পিপি মো. হারিছ উদ্দিন আহমদ।
মামলার নথির বরাত তিনি জানান, কালু ও তার ছোট ভাই মালু মিয়া সপরিবারে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় বসবাস করেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর মালুর স্ত্রী বাবার বাড়ি বেড়াতে গেলে পরের দিন খাবার নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে কালু বটি দিয়ে মালুর ঘাড়ে ও বুকে কুপিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মালুকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মিতু বাদী হয়ে কালুকে আসামি করে টঙ্গী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ১৬ জুলাই কালুকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয় বলে জানান পিপি।
