কুয়ায় পড়া বুনো হাতিশাবক ৮ ঘণ্টা পর উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সীমান্ত এলাকায় পরিত্যক্ত কুয়ায় পড়ে যাওয়া এক বুনো হাতির শাবককে আট ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে গুরুচরণ দুধনই গ্রামের ওই কুয়া থেকে হাতিশাবকটিকে উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে।
ভারত থেকে বানের জলে ভেসে আসা বুনোহাতি ‘বঙ্গবাহাদুর’ যেদিন জামালপুরে মারা গেল সেদিনই শেরপুরে এই হাতি শাবকটি বনে ফিরে গেল।
ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান জানান, সোমবার রাত ১টার দিকে প্রায় ৩০/৪০টি বন্যহাতির একটি পালের সঙ্গে পাহাড় থেকে নেমে আসা প্রায় ২ বছর বয়সী শাবকটি গ্রামের একটি মাঠে ১৫/২০ ফুট গভীর পরিত্যক্ত কুয়ায় পড়ে যায়।
“এরপর পালের সব হাতি ওই কুয়ার আশপাশে অবস্থান নেয়।”
শেরপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টার মোস্তাফিজুর রহমান বলেন, রাতের অন্ধকারে কিছু করা সম্ভব না হওয়ায় মঙ্গলবার সকালে ওই শাবকটিকে উদ্ধারের জন্য কুয়ার পাশে ড্রেন করা হয়। পরে হাতি শাবকটির পায়ে ও বুকে রশি দিয়ে বেঁধে টেনে বের করা হয় করা হয়।
“সকাল সোয়া ৯টার দিকে উদ্ধার অভিযান শেষ হলে হাতির শাবকটি দৌড়ে বনের মধ্যে চলে যায়।”
উদ্ধার কাজে বনবিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন অংশ নেয় বলে জানান মোস্তাফিজুর।
