রাজশাহীতে গুলিতে আহত বিকাশকর্মীর মৃত্যু
রাজশাহী নগরীতে ছিনতাইকারীর গুলিতে আহত হওয়ার চারদিন পর এক বিকাশকর্মী হাসপাতালে মারা গেছেন।
রোববার ভোরররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রবিউল ইসলামের (৪০) মৃত্যু হয়।
রবিউল ইসলাম রাজশাহী নগরীর মতিহার থানার কাজলা এলাকার আবুল কাশেমের ছেলে।
একই ঘটনায় গুলিবিদ্ধ অপর বিকাশকর্মী খড়খড়ি এলাকার মনিরুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম (৩৫) সুস্থ আছেন।
মতিহার থানার ওসি হুমায়ন কবির জানান, বুকের নিচে গুলি লাগার পর রবিউল ইসলামকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎিসা দেওয়া হচ্ছিল। রোববার ভোররাতে তার মৃত্যু হয়।
নগরীর আলুপট্টি এলাকার মেসার্স ওমর আলী বিকাশ ডিস্ট্রিবিউশনের কর্মচারী রবিউল ও মমিনুল বুধবার ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে চারঘাট যাচ্ছিলেন।
কাপাশিয়া এলাকায় বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির সামনে আরেকটি মোটরসাইকেল থেকে তাদের উপর চলন্ত অবস্থায় গুলি করে কয়েকজন যুবক।
গুলিবিদ্ধ হয়ে ওই দুই বিকাশকর্মী মোটরসাইকেলসহ রাস্তার উপর পড়ে যান। এ সময় ছিনতাইকারীরা টাকার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু আহতদের চিৎকালে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
