রাজশাহীতে ২ বিকাশকর্মীকে গুলি করে ছিনতাই চেষ্টা
রাজশাহী নগরীতে ছিনতাইকারীর গুলিতে দুই বিকাশকর্মী আহত হয়েছেন। তবে তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নিতে পারেনি তারা।
বুধবার মতিহার থানার কাপাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মতিহারের কাজলার আবুল কাশেমের ছেলে রবিউল ইসলাম (৪০) ও বোয়ালিয়া থানার খড়খড়ি এলাকার মনিরুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম পলাশ (৩৫)।
তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতিহার থানার ওসি হুমায়ন কবির জানান, রবিউল ও মমিনুল নগরীর আলুপট্টি এলাকার মেসার্স ওমর আলী বিকাশ ডিস্ট্রিবিউশনের কর্মচারী। তারা ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে চারঘাট যাচ্ছিলেন।
“কাপাশিয়া এলাকায় বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির সামনে আরেকটি মোটরসাইকেল থেকে তাদের উপর চলন্ত অবস্থায় গুলি করে কয়েকজন যুবক।
“গুলিবিদ্ধ হয়ে ওই দুই বিকাশকর্মী মোটরসাইকেলসহ রাস্তার উপর পড়ে যান। এ সময় ছিনতাইকারীরা টাকার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু আহতদের চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।”
ওসি বলেন, পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মেসার্স ওমর আলী বিকাশ ডিস্ট্রিবিউশনের মালিকের ছেলে সালমান হোসেন বলেন, বিকাশ এজেন্টদের পৌঁছে দিতে ১২ লাখ টাকা নিয়ে তারা চারঘাট যাচ্ছিলেন। কিন্তু টাকার ব্যাগ মোটরসাইকেলের সঙ্গে বাঁধা থাকায় ছিনতাইকারীরা ব্যাগটি নিতে পারেনি।
