লক্ষ্মীপুরে পেট্রোলবোমা দিয়ে ফাঁসাতে গিয়ে আটক ৪
লক্ষ্মীপুরে পূর্বশত্রুতার জেরে জিহাদি বই ও পেট্রোল বোমা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে র্যাবের হাতে চার যুবক আটক হয়েছেন।
শনিবার বিকালে র্যাব-১১-এর সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন চন্দ্রগঞ্জ থানার কালীদাসেরবাগ এলাকার নুর নবীর ছেলে শরিফুল আজম রিপন (২৩), একই এলাকার খোরশেদ আলমের ছেলে ইসমাইল হোসেন রুবেল (১৯), আবু সিদ্দিকের ছেলে তারেক রহমান (১৯) ও দক্ষিণ মান্দারি গ্রামের শফি উল্যার ছেলে মো. শহীদ (২৫)।
র্যাব কর্মকর্তা আশরাফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে রিপন ও ইসমাইল র্যাবকে ফোন করে জানান, মান্দারি চতালিয়া বাজারে মো. রুবেল (২২) নামে এক ব্যক্তির দোকানে বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই রয়েছে।
“পরে রিপন ও ইসমাইলকে নিয়ে ওই দোকানে গিয়ে চৌকির নিচ থেকে ৫টি পেট্রোল বোমা, ৫টি চকলেট বোমা ও ১১টি জিহাদি বই উদ্ধার করা হয়।”
এ সময় রিপন ও ইসমাইলের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করলে ষড়যন্ত্রের ঘটনা ফাঁস হয় বলে তিনি জানান।
