গৃহকর্মীর চেতনানাশক দেওয়া খাবারে মৃত্যুর অভিযোগ
গৃহকর্মীর দেওয়া চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে রাজশাহীতে সাবেক এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১২টার দিকে আবদুল হান্নানের (৭২) মৃত্যু হয় বলে রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ জানান।
আবদুল হান্নান অগ্রণী ব্যাংকে রাজশাহী শাখার সাবেক ব্যবস্থাপক ছিলেন। নগরীরর রাজপাড়ার মহিষবাথান এলাকার সস্ত্রীক বসবাস করতেন তিনি।
এ ঘটনায় তার স্ত্রী ঝর্ণা বেগম শুক্রবার থানায় একটি মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে ওসি আমান বলেন, চার/পাঁচদিন আগে আবদুল হান্নান তার বাড়িতে এক নারীকে গৃহকর্মীর কাজ দেন।
“বুধবার সকালের নাস্তায় ওই গৃহকর্মী চেতনানাশক মিশিয়ে দেন। এ খাবার খেয়ে হান্নান ও তার স্ত্রী ঝর্না অজ্ঞান হয়ে পড়েন। এই সুযোগে গৃহকর্মী নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান।”
পরে প্রতিবেশীরা তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শুক্রবার বেলা ১২টার দিকে সেখানে হান্নানের মৃত্যু হয় বলে জানান তিনি।
মৃত হান্নানের ভায়রা ভাই কাইয়ুম উদ্দিন বলেন, আবদুল হান্নানের তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলে ঢাকায় চাকরি করেন।
গৃহকর্মীর কোনো পরিচয় তারা রাখেননি বলে জানান কাইয়ুম।
