২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে নিখোঁজ জামায়াতকর্মীর লাশ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায় নিখোঁজ এক জামায়াতকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ; যার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছিল পরিবার।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2016, 09:19 AM

Updated : 12 Apr 2022, 02:39 AM

শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের রাস্তার ওপর থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান হরিণাকুণ্ড থানার ওসি মাহতাব উদ্দিন।

নিহত ইদ্রিস আলী ওরফে পান্না হুজুর (৫০) উপজেলার রঘুনাথপুর গ্রামের কাওসার আলীর ছেলে। তিনি গ্রামের মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

ওসি মাহতাব বলছেন, জোড়াপুকুরিয়া গ্রামের লোকেরা সকালে রাস্তার ওপর একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

“পুলিশ গিয়ে ইদ্রিসের লাশের পাশে তার ভাঙাচোরা মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে।”

ইদ্রিসের বিরুদ্ধে হরিণাকুণ্ডু ও ঝিনাইদহ থানায় পুলিশ হত্যাসহ নাশকতার ৮টি মামলা রয়েছে বলে তিনি জানান।

গত মঙ্গলবার ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইদ্রিস আলীর স্ত্রী মমতাজ বেগম অভিযোগ করেছিলেন, ইদ্রিস গত ৪ অগাস্ট শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় গোয়েন্দা পুলিশ পরিচয়ে সাদা পোশাকের লোকেরা তুলে নিয়ে যায়। তারপর তিনি নিখোঁজ ছিলেন।

মঙ্গলবার শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেছিলেন, পুলিশ ইদ্রিস আলী নামে কাউকে আটক করেনি।

পুরনো খবর:

ঝিনাইদহে ২ জনের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন