২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ২ জনের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

ঝিনাইদহে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া এক শিক্ষক ও এক ব্যবসায়ীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবার।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 03:41 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আলাদা দুটি সংবাদ সম্মেলন করে দুই পরিবার।

নিখোঁজরা হলেন হরিণাকুণ্ড উপজেলার রঘুনাথপুর গ্রামের শিক্ষক ইদ্রিস আলী ওরফে পান্না হুজুর ও সদর উপজেলার কেশবপুর গ্রামের ধান বিক্রেতা আনিসুর রহমান।

ইদ্রিস আলীর স্ত্রী মমতাজ বেগম অভিযোগ করেন, গত ৪ অগাস্ট রাত ৮টার দিকে ইদ্রিস আলী শৈলকুপার রামচন্দ্রপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

“রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে সাদা পোশাকে পিস্তল ও ওয়্যারলেসধারী তিন-চারজন লোক তাকে তুলে নিয়ে যায় বলে স্থানীয়রা আমাদের জানিয়েছে।”

এ ব্যাপারে শৈলকুপা থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলে লিখিত বক্তব্যে অভিযোগ করেন মমতাজ বেগম।

পুলিশ ইদ্রিস আলী নামে কাউকে আটক করেনি দাবি করে শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলছেন, তার পক্ষ থেকে কেউ থানায় জিডি করতে আসেনি।

ইদ্রিস আলীর নামে নাশকতাসহ আটটা মামলা থাকায় পুলিশ এমনিতেই তাকে খুঁজছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি।

সংবাদ সম্মেলনে আনিসুর রহমানের স্ত্রী রোজিনা বেগম অভিযোগ করেন, গত ৩০ জুলাই রাত ১২টার দিকে তিন সাদা পোশাকধারী নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে বাড়ি থেকে অনিসকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

“এ ব্যাপারে সদর থানায় যোগাযোগ করা হলে বলা হয়, তারা আনিসুর রহমান নামের কাউকে আটক বা গ্রেপ্তার করেনি।”

থানা তাদের জিডি গ্রহণ করেনি বলে তিনি অভিযোগ করেন।

পুলিশ আনিসুর রহমান নামে কাউকে আটক করেনি দাবি করে সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলছেন, থানায় তার ব্যাপারে কেউ জিডি করতে আসেনি।