নাশকতা মামলায় জামায়াত-বিএনপির ১৬ নেতাকর্মীর কারাদণ্ড
নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে চার বছর করে কারাদণ্ড দিয়েছে গাইবান্ধার একটি আদালত।
বৃহস্পতিবার দুপুরে জেলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মইনুল হাসান ইউসুফ এ রায় ঘোষণা করেন।
এরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার পরান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ভুরারঘাট সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখায়াত হোসেন, সাবাকাত হোসেন, মুছা করীম উল্লা (৫০), ছামিউল ইসলাম (৩০), মতিয়ার পারভেজ (৪৪), নুরুল ইসলাম (৫২), খাদেমুল ইসলাম (২০), এনামুল হক (৩৫), নুরুন নবী (২৫), নবী নুর (৩০), ইমরান হোসেন (২৩), সোহরাব হোসেন (৬৫), ইমতিয়াজ মিয়া (২২), শরিফ জাহান (১৮) ও জাহাঙ্গীর মিয়া (৩২)।
এদের মধ্যে প্রথম ১৩ জন জামায়াত নেতাকর্মী এবং পরের তিনজন বিএনপি নেতাকর্মী।
রায় ঘোষণার সময় তিন জামায়াত নেতা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিত অন্যরা পলাতক।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রেজা মিয়া বলেন, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর দণ্ডিতরা সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভাংচুর, অগ্নিসংযোগ ও হাতবোমার বিষ্ফোরণ ঘটায়। এ ঘটনায় পুলিশ তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নাশকতা মামলা করে।
রায়ে তাদের একই সঙ্গে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও তা অনাদায়ে আরো তিনমাস করে কারাদণ্ড আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
