২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়ায় বন্ধ ২ ঘাট চালু

পদ্মার ভাঙনে রাজবাড়ীর দৌলতদিয়ায় তিনটি ফেরিঘাট ছয় দিন বন্ধ থাকার পর দুটি চালু হয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক হয়নি।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 02:49 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

বুধবার একটি ও বৃহস্পতিবার দুপুরে আরেকটি ঘাট চালু হওয়ায় এখন মোট তিনটি ঘাট দিয়ে কেবল ছোট ছোট যানবাহন পার করা হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিএর দৌলতদিয়া ঘাটের কারিগরি বিভাগের সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম।

গত ২৭ জুলাই ৪ নম্বর, শনিবার রাতে ১ ও রোববার সকালে ২ নম্বর ফেরিঘাট বন্ধ হয়ে যায়। এ সময় শুধু ৩ নম্বর ঘাট দিয়ে যান পার করা হয়।

বিআইডব্লিউটিএ কর্মকর্তা শহিদুল বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে ২, ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে ছয়টি ছোট ফেরির সাহায্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে কেবল ছোট যানগুলো পার করা হচ্ছে। বড় কোনো যান পারাপার শুরু হয়নি।

“তিনটি ঘাট ঠিক থাকলেও তীব্র স্রোতের কারণে বড় ফেরি চালু করা যাচ্ছে না।”

অপরদিকে ১ নম্বর ঘাটটিও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিআইডব্লিউটিএ কর্মকর্তা।

তিনি বলেন, ১ নম্বর ঘাটের সামনে বিশাল এলাকায় ঘূর্ণায়মান স্রোত ও ভাঙন থাকায় সেখানে গত ছয় দিনে সংস্কারকাজ শুরু করা যায়নি।

বৃহস্পতিবার উন্নত যন্ত্রপাতি আনার পর কোন প্রক্রিয়ায় সংস্কারকাজ চালানো হবে সে বিষয়ে ঘাট কর্তৃপক্ষ মাঠে নেমেছে বলে তিনি জানান।

পুরনো খবর:

দৌলতদিয়ায় একটি ঘাট চালু