নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় ব্র্যাক কর্মকর্তা নিহত
নোয়াখালী সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা-আরোহী এক ব্র্যাক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার এক সহকর্মী।
বুধবার রাতে সোনাপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন।
নিহত মঞ্জুরুল আলম (৪০) ব্র্যাকের লক্ষ্মীপুর জেলার রায়পুর শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা। তিনি ভোলা সদর উপজেলার রতনপুর গ্রামের অলিউর রহমানের ছেলে।
ব্র্যাকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের হিসাব ব্যবস্থাপক সঞ্জিত কান্তি চৌধুরী বলেন, নোয়াখালীতে প্রশিক্ষণ নিতে আসা মঞ্জুরুল আলম অটোরিকশায় করে ব্র্যাকের আরেক কর্মকর্তা আমির হোসেনসহ সোনাপুর অফিস থেকে কালিতারা অফিসে ফিরছিলেন।
“এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে মঞ্জুরুল ঘটনাস্থলেই মারা যান।”
দুর্ঘটনায় আমির হোসেন আহত হলে তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।
ওসি আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। লাশ নিহতের স্বজনরা নিয়ে গেছে।
