মুক্তিযোদ্ধাদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজ নির্বাচনী এলাকা রাজশাহীর চারঘাটের মুক্তিযোদ্ধাদের সঙ্গে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বুধবার রাজশাহী-৬ আসনের এই সংসদ সদস্য গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সময় সেখানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, সহসভাপতি রূহুল আমিন, টুঙ্গীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আকরাম হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চারঘাট থেকে আসা শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে রয়েছেন চারঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলমাস প্রমুখ।
