২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় ৮‘জেএমবি’ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র

দিনাজপুরের হাকিমপুরে ট্রেনে নাশকতার চেষ্টার মামলায় আট ‘জেএমবি’ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 08:42 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

মঙ্গলবার বিকালে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কৃষ্ণ কমল সরকারের আদালতে অভিযোগপত্র দেওয়া হয় বলে কোর্ট পুলিশের পরিদর্শক আবু সাঈদ সরকার জানান।

অভিযোগপত্রের আসামিরা হলেন শোলাকিয়া হামলার ঘটনায় আটক ও পরে কথিত বন্দুকযুদ্ধে নিহত শফিকুল ইসলাম ওরফে সোহান, গালিবুর রশিদ ওরফে গালিব (২৩), আবু নাঈম মো. ফারুকী আজম (২৫), মোজাহিদুল ওরফে মাফতুস (২২), জহিরুল ইসলাম (৩০), বাবুল আখতার (৩০), মাসুদ রানা (২৩) ও জাহাঙ্গীর আলম (২৫)।

এদের মধ্যে বাবুল, মাসুদ ও জাহাঙ্গীর পলাতক।

চলতি বছরের ২১ জুন ট্রেনে নাশকতার পরিকল্পনার সময় হাকিমপুরের ডাঙ্গাপাড়া রেলওয়ে স্টেশনের পাশ থেকে তিন ‘জেএমবি’ সদস্যকে হাতবোমা, চাপাতি ও জিহাদি বইসহ আটক করে পুলিশ। পরে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়।

পরিদর্শক আবু সাঈদ বলেন, ওই মামলার তদন্ত কর্মকর্তা দিনাজপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ফরিদুল ইসলাম মঙ্গলবার আট ‘জেএমবি’ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন।

আদালত পলাতক তিন আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের সম্পতি ক্রোকের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।