২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্প মন্ত্রণালয়ের জমি আর লিজ নয়: আমু 

শিল্প মন্ত্রণালয়ের জমি আর লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 05:27 PM

Updated : 11 Oct 2022, 08:35 PM

মঙ্গলবার টঙ্গীতে এক অনুষ্ঠানে আমু বলেন, অনেকেই শিল্প কারখানা করার কথা বলে জমি বরাদ্দ নিয়েছেন। কিন্তু সেখানে তারা কোনো শিল্প কারখানা স্থাপন করেননি। তারা সেখানে হাউজিংসহ নানা অবকাঠামো স্থাপন করেছেন। 

“শিল্প মন্ত্রণালয়ের এক কাঠা জমিও আর লিজ দেওয়া বা বিক্রি করা হবে না। আগে যা লিজ বা বিক্রি হয়েছে তা উদ্ধার করে শিল্প কারখানা স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া হবে।”

এটলাস বাংলাদেশ লিমিটেড কারখানা চত্বরে স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৫৬২টি মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমির হোসেন আমু।   

“২০২১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ আমাদের সরকারের রাজনৈতিক অঙ্গীকার,” বলেন আমু।

এ অঙ্গীকার বাস্তবায়নে দেশে টেকসই শিল্পখাত গড়ে তোলার কোনো বিকল্প নেই মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, খালেদা জিয়া এ দেশকে পাকিস্তানের মতো অকার্যকর দেশে পরিণত করতে চান। তারা দেশে প্রতিহিংসামূলক হত্যাকাণ্ড ঘটাচ্ছেন। জনগণের কাছে আজ তারা চিহ্নিত হয়েছেন।

তাদেরকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেশের অগ্রগতিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।  

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও বক্তব্য রাখেন।

নাসিম বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দোড়গোড়ায় দ্রুত পৌঁছে দিতে এবং স্বাস্থ্যকর্মীদের কষ্ট লাঘব করতে তাদের আজ ৫৬২টি মোটরসাইকেল দেওয়া হলো। ছয় মাস আগে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য বিভাগের নারী কর্মকর্তাদেরও গাড়ি দেওয়া হয়েছে। সামনে সকল স্বাস্থ্য কর্মকর্তাকেও জিপ দেওয়া হবে।

স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে তিনি  বলেন, “আমার কাছে তথ্য আছে অনেকেই ঠিকমতো কাজ করেন না। যারা ফাঁকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিল্পমন্ত্রী স্বাস্থ্যকর্মীদের কাছে মোটরসাইকেল ও চবি হস্তান্তর করেন।

এটলাসের বিক্রয় বিভাগের প্রধান মো. আজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরবরাহকৃত এটলাস-জংসেন ব্র্যান্ডের ১২৫ সিসির প্রতিটি মোটরসাইকেলের বাজার মূল্য এক লাখ ৪০ হাজার টাকা।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. আলী হায়দার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইপিআই প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে একজন করে সুপারভাইজার এবং প্রতি উপজেলায় একজন করে মেডিকেল টেকনোলজিস্ট (এমটি) ওই মোটরসাইকেল পাবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দ্বীন মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক ডা. হাবিব আব্দুল্লাহ সোহেল।

অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রেজওয়ান আহাম্মদ তৌফিক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, বিএসইসির চেয়ারম্যান মো. ইমতিয়াজ হোসেন চৌধুরী, এটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমএ-এর গাজীপুর জেলা সভাপতি মো. আমির হোসেন রাহাত।