গাজীপুরে স্বামী হত্যায় স্ত্রীর ফাঁসির রায়
গাজীপুরে গলা কেটে স্বামীকে হত্যার দায়ে এক নারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মোছা. হাবিবা বেগম (৩৩) মুন্সীগঞ্জের লৌহগঞ্জ উপজেলার শামুরবাড়ি গ্রামের মৃত হাবিবুর রহমান হাওলাদারের মেয়ে এবং গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী।
একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, প্রায় ১৫ বছর আগে জাকির হোসেন ও হাবিবার বিয়ে হয়। তাদের সংসারে তিন মেয়ে রয়েছে। জাকির গাজীপুরের কালিয়াকৈরে যমুনা স্পিনিং মিলে স্টোর ইনচার্জ হিসেবে চাকরি করতেন এবং মিলের পাশে মোসলেম উদ্দিনের বাড়িতে স্ত্রী-সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন।
“সংসারে অভাব অনটন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথাকাটাকাটি ও ঝগড়া বিবাদ হতো। এর জেরে ২০১৫ সালের ২৭ মে রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে জাকিরকে খাওয়ান হাবিবা। পরদিন বড় মেয়ের (১১) সামনে অচেতন জাকিরকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করেন তিনি।”
এসময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে হাবিবাকে আটক করে পুলিশে দেয়। পরে জাকিরের বড় ভাই মোবারক হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন বলে জানান আদালত পুলিশের এ কর্মকর্তা।
তদন্ত শেষে একই বছরের ১৭ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই আজিম হোসেন খান আদালতে হাবিবাকে আসামি করে অভিযোগপত্র দেন।
