খালেদার সঙ্গে কোনো ঐক্য নয়: ইনু
খালেদা জিয়াকে বাংলাদেশ ও গণতন্ত্রের জন্য হুমকি উল্লেখ করে তার সঙ্গে কোনো ঐক্য হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বাংলাদেশ বেতারের উদ্যোগে শুক্রবার খুলনায় আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ইনু বলেন, খালেদা জিয়া ৯৩ দিন আগুন সন্ত্রাস করেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে হরতাল করেছেন। সবকিছুতে ব্যর্থ হয়ে গুপ্তহত্যা ও জঙ্গিবাদে মদদ দিচ্ছেন।
“খালেদা জিয়া বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার আটকাতে পারেননি। জঙ্গি দমনও আটকাতে পারবেন না। তিনি বাংলাদেশ ও গণতন্ত্রেও জন্য হুমকিস্বরূপ। তাকে সঙ্গে কোনো জাতীয় ঐক্য হতে পারে না।”
জঙ্গি দমনের নামে বিরোধী দল দমন করা হচ্ছে বলে বিএনপির অভিযোগ নাকচ করে দিয়ে তথ্যমন্ত্রী বলেন, যারা গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরে ধরা পড়েছে তারা জেএমবি, হিযবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
“জঙ্গি ছাড়া কাউকে দমন করা হচ্ছে না। জঙ্গিদের একচুল ছাড় দেওয়া হবে না।”
যারা জঙ্গিদের নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে ও ওকালতি করছেন তাদের নজরে রাখা হচ্ছে বলেন জাসদের (একাংশ) এই নেতা।
একাত্তরের গণহত্যা, পঁচাত্তরের বঙ্গবন্ধু হত্যা ও ২১ অগাস্টে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা সবই একসূত্রে গাঁথা বলে দাবি করেন হাসানুল হক ইনু।
মতবিনিময় সভায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক একেএম নেছার উদ্দিন ভুইয়া, খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর, বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ, খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির উজ জামান, জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা, জেলা ইমাম পরিষদের সভাপতি মোহাম্মদ সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী জাসদের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
