ঠাকুরগাঁওয়ে জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মী আটক
ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
“এ সময় সদর উপজেলা জামায়াতের আমির শামসুজ্জামান দুলালসহ (৪১) জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে আটক করা হয়।”
এছাড়া তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
আটক অন্যরা হলেন গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুল মজিদ (৫৫), সদর লস্করা গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুর রহমান (৩০), সালান্দর ইউনিয়নের সিংপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে ইয়াসিন আলী (২২), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জ গ্রামের ইব্রাহিমের ছেলে শাহ আলম (২৫) ও ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম জনি (২২)।
আটক সবাই জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বলে জানান ওসি মশিউর রহমান।
