২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের পিস স্কুল এখন নূরজাহান স্কুল অ্যান্ড কলেজ

বাংলাদেশে ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার ও পিস স্কুল বন্ধের নির্দেশের পর গাজীপুরে নাম বদলে চলছে স্কুলটির শিক্ষা কার্যক্রম।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 07:05 PM

Updated : 11 Oct 2022, 08:34 PM

পুরনো খবর:

পিস স্কুল বন্ধের নির্দেশ হলেও বগুড়া ও ঠাকুরগাঁওয়ে ছুটি ঘোষণা
আলোচনার মধ্যে ‘পিস স্কুল’ হয়ে গেল ‘লিজেন্ড একাডেমী’
সব ‘পিস স্কুল’ বন্ধের নির্দেশ

প্রতিষ্ঠানটির প্রধান ফটক থেকে সরিয়ে ফেলা হয়েছে পিস একাডেমির সাইনবোর্ড। সামীনা প্রাচীর এবং স্কুল ভ্যান থেকেও সাদা রং দিয়ে নামটি মুছে ফেলা হয়েছে। তবে শিক্ষার্থীদের পরিচয়পত্র- পোশাকসহ অন্যান্য ক্ষেত্রে আগের নামই রয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুমোদনহীন পিস স্কুলগুলো বন্ধের পরপরই শহরের বরুদা এলাকার ন্যাশনাল ‘পিস একাডেমি’ নামের ওই স্কুলটির নাম পাল্টে ‘নূরজাহান স্কুল অ্যান্ড কলেজ’ রাখা হয় বলে বৃহস্পতিবার স্বীকার করেন প্রধান শিক্ষক মো. বাদল আহম্মেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২০১৩ সালে ন্যাশনাল পিস একাডেমি নামে এ শিক্ষা প্রতিষ্ঠান হয়। ২০১৪ সালের জানুয়ারিতে মালয়েশিয়া প্রবাসী সুলতান উদ্দিনের বাড়ির দুইটি ফ্লোর মাসিক ৩৫ হাজার টাকায় ভাড়া নিয়ে তাতে শিক্ষা কার্যক্রম চালু করা হয়।

“সরকার পিস স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় আমি প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে নূরজাহান স্কুল অ্যান্ড কলেজ নামকরণ করেছি। তবে শিক্ষার্থীদের পোশাক ও আইডি কার্ডে আগের নামই আছে।”

প্রধান শিক্ষক বাদল জানান, স্কুলটিতে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। বিভিন্ন শ্রেণিতে ৯২ জন ছাত্র-ছাত্রী রয়েছে।

তিনি বলেন, “স্কুলটি নিবন্ধন করা হয়নি। তাই পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ স্কুলে ক্লাস করলেও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে সমাপনী পরীক্ষায় অংশ নেয়। আর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পাশের হাড়িনাল হাই স্কুল থেকে নিবন্ধন করানো হয়।”

কর্মকর্তাদের কাছে আবেদন করে জেলা শিক্ষা অফিস থেকে সরকারি পাঠ্য বই এনে শিক্ষার্থীদের দেওয়া হয় বলেও জানান তিনি।

সরেজমিনে দেখা গেছে, স্কুলের নাম কাগজ-পত্রে পরিবর্তন করে নূরজাহান স্কুল অ্যান্ড কলেজ করা হলেও এ নামে কোনো সাইনবোর্ড টানানো হয়নি। পুরানো সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়েছে। স্কুলটির ভ্যানে এবং পিস ভবনের সীমানা প্রাচীরে লেখা পিস নামটি সাদা রং দিয়ে মুছে ফেলা হয়েছে।

গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন বলেন, ওইসব প্রতিষ্ঠানের কোনো নিবন্ধন দেওয়া হয়নি। তবে প্রাথমিক শিক্ষার বইয়ের আবেদন করায় বই সরবরাহ করা হয়েছে।

ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের পিস টিভি বাংলাদেশে বন্ধের পর ‘পিস স্কুল’গুলোর কর্মকাণ্ডের খোঁজ-খবর নিতে শুরু করে সরকার।

জাকির নায়েকের মতাদর্শ অনুসরণ করেই ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ‘পিস’ শব্দ জুড়ে দিয়ে বিভিন্ন নামে এসব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

গুলশান হামলাকারী অন্তত দুজন জাকির নায়েকের বক্তব্যে প্ররোচিত হয়েছিলেন বলে অভিযোগ ওঠার পর পিস টিভির সম্প্রচার বন্ধে গত ১১ জুলাই সরকারের সিদ্ধান্ত আসে।