২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের তুরাগে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার

সাভারের বিরুলিয়া এলাকার তুরাগ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 11:09 AM

Updated : 20 Aug 2022, 01:22 PM

এরা হলেন গাজীপুরের জয়দেবপুর থানার কাশিমপুর বারিণ্ডা এলাকার অলিউল্লাহর ছেলে মিজানুর রহমান মিজান (২৮) ও একই এলাকার কুদরত আলী মোল্লার ছেলে মিনহাজ মোল্লা (১৭)। তাদের মধ্যে মিজান মুদি দোকানি ও মিনহাজ ডেকোরেটর ব্যবসায়ী।

বুধবার সকালে নদীতে তাদের লাশ ভেসে উঠলে পুলিশ গিয়ে উদ্ধার করে বলে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই আশরাফ মিয়া জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গাজীপুরের কাশিমপুর থেকে ২৫-৩০ জন যুবক মঙ্গলবার ট্রলারে করে বিরুলিয়ায় বনভোজনে আসে।

দুপুরে তারা বিরুলিয়া শ্মশান ঘাটে ট্রলার ভিড়িয়ে খাবারের আয়োজন শেষে তুরাগ নদীতে গোসল করতে নামে। ওই সময় প্রবল স্রোতে মিনহাজকে ভেসে যেতে দেখে তাকে উদ্ধারে গিয়ে মিজানও ডুবে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকালে তল্লাশি শুরু করলেও রাতে প্রতিকূল আবহাওয়া ও প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান বন্ধ থাকে।

বুধবার সকালে ঘটনাস্থলের পাশে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে লাশ দুটি উদ্ধার করে বলে এসআই আশরাফ জানান।