ফেনীতে পুলিশকে ছুরি মেরে মাদক বিক্রেতা আটক
ফেনী শহরে মাদক বিক্রেতাকে আটক করতে গিয়ে এক পুলিশ ছুরিকাঘাতে আহত হয়েছে। এ ঘটনায় একজন আটক হয়েছে।
মঙ্গলবার রাতে শহরের কলেজ রোড এলাকার শহীদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ওসি মো. মাহবুব মোর্শেদ।
আহত এএসআই জাহাঙ্গীর দর্জিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
আটক শরিফুল ইসলাম শরিফ (২১) ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর এলাকার রবিউল হকের ছেলে।
ওসি মাহবুব বলেন, ছিনতাইকারী সন্দেহে মোটরসাইকেলকে ধাওয়া করে শরিফকে আটক করার সময় সে পুলিশের ওপর হামলা চালায়।
“এএসআই জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশপাশের লোকজন শরিফকে ধরে পুলিশে দেয়।”
তার বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি মাহবুব।
মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান বলেন, পুলিশের ওপর হামলা ও ধারালো অস্ত্র বহনের অভিযোগে শরিফের বিরুদ্ধে আরও দুটি মামলা হবে।
আহত এএসআই জাহাঙ্গীরকে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার পর রাতেই তিনি বাসায় ফিরে যান বলে জানান পরিদর্শক।
