যমুনায় বস্তাবন্দি ৩ লাশ: হত্যায় ‘দাম্পত্য কলহ’
সিরাজগঞ্জে যমুনায় পাওয়া বস্তাবন্দি তিনজনকে হত্যার পেছনে দাম্পত্য কলহ বলে দাবি পুলিশের।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজন পুলিশের জিজ্ঞাসাবাদে একথা স্বীকার করেছে বলে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান।
সোমবার দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনা নদী থেকে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এরা হলেন শ্রীপুরের টেংরা গ্রামের বাদল মন্ডলের স্ত্রী নাসরিন মন্ডল (৩০), নাসরিনের ফুপু মেহেরুন আক্তার (৪৮) ও মেহেরুনের পালিত নাতনি জাইমতি (৪)।
গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা অফিসপাড়ার আব্দুল মান্নানের ছেলে আল আমিন (৩২), রায়গঞ্জ উপজেলার জাংগায়াদি গ্রামের মাহাবুবুল আলমের ছেলে নয়ন (২০) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পবাহার লোহাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২২)।
আল আমিন গড়গড়িয়া মাস্টারবাড়ির মো. মনির হোসেনের মালিকানাধীন ‘রিজভী-মীম-নিশি বস্ত্রালয়ের’ ম্যানেজার। নয়ন ওই দোকানের কর্মচারী এবং রবিউল দোকান মালিক মনির হোসেন ওরফে মিজানুর রহমানের প্রাইভেট কার চালক।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, বাদল মন্ডল নাসরিনের দ্বিতীয় স্বামী। কিন্তু ২০১০ সালে নাসরিন প্রেম করে আল আমিনকে বিয়ে করেন। সেখানে বনিবনা না হওয়ায় পরে নাসরিন আবার বাদল মিয়ার সংসারে ফিরে যান। মৃত্যুর আগে সেখানেই ছিলেন।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, জাইমতিকে ডাক্তার দেখানোর কথা বলে শনিবার বেলা ১১টার দিকে ওই দুই নারী শ্রীপুরের মাওনা চৌরাস্তার উদ্দেশে বাড়ি থেকে বের হন। বেলা ১টার দিকে তারা গড়গড়িয়া মাস্টারবাড়ির মনির হোসেনের দোকানে যান।
পরিদর্শক মোহাম্মদ আলী আরও বলেন, হত্যার পর তিনজনের মৃতদেহ বস্তাবন্দি করে। পরে দোকান মালিকের প্রাইভেটকারে তুলে লাশগুলো সিরাজগঞ্জ নিয়ে যমুনা নদীতে ফেলে রাতেই শ্রীপুর ফিরে আসে তারা।
গাজীপুরের এসপি হারুন অর রশিদ বলেন, আল আমিন বন্যা পরিস্থিতি দেখার জন্য গ্রামের বাড়ি সিরাজগঞ্জ যাওয়ার কথা বলে দোকান মালিক থেকে প্রাইভেট কারটি নেয়।
“ঘটনার রাতে লাশগুলো বস্তাবন্দি করে গাড়ির পেছনে তুলে সিরাজগঞ্জের এনায়েতপুর বেড়িবাঁধ এলাকায় খাজা খানজাহান আলী মেডিকেল কলেজের পাশে যমুনা নদীতে ফেলে দেয়।”
এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, সোমবার বেলা সোয়া ১১টার দিকে যমুনায় দুটি বস্তা ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ বস্তা দুটি উদ্ধার করে। সোমবার রাতে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে স্বজনরা তাদের পরিচয় নিশ্চিত করেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোমবার এনায়েতপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
